কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ডাক্তারের অবহেলায় তাহেরা বেগম (৩২) নামে প্রসূতির মৃত্যু হয়েছে। ২২ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে সিয়াম বিশ্বাস নামে অবৈধ একটি বেসরকারী ক্লিনিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার জানায়, গাছিরদিয়ার টলটলিপাড়া গ্রামের মালেশিয়া প্রবাসী একরামুল হকের স্ত্রী তাহেরা বেগমকে প্রসব ব্যাথা নিয়ে আল্লারদর্গা সিয়াম বিশ্বাস ক্লিনিকে ভর্তি করে। ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার টিএ কামাল প্রসূতিকে অপারেশন কক্ষে নিয়ে সিজার অপারেশনের মাধ্যমে সন্তান প্রশব করানোর পর পরই প্রসূতির মৃত্যু হয়। এসময় ডাক্তার তড়ি ঘড়ি করে মৃত প্রসূতিকে অপারেশন কক্ষ থেকে বের করে দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরনের নির্দেশ দিয়ে ক্লিনিক থেকে সে সরে পড়েন। পরে নিহতের পরিবারের লোকজন নিহত প্রসূতি ও সদ্যজাত সন্তানকে নিয়ে বাড়ি ফিরে। ক্লিনিকে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্য’র খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ক্লিনিক বন্ধ দেখে। এ ব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোকতার হোসেন জানান, আল্লারদর্গা সিয়াম বিশ্বাস নামে একটি ক্লিনিকে সিজার করার সময় এক প্রসূতির মৃত্যুর খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশকে ঘটঁনাস্থলে পাঠিয়েছি। কিন্তু তারা এষনও কিছু জানায়নি।




