রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে গতকাল সোমবার পুর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৪০) ও উপজেলা যুবদলের সাঃ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস (৩৬) কে বেধরক মারপিট করে বিএনপি নেতার ডিসকভার মোটর সাইকেলটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সকালে সুমন (১৮) নামের ছাত্রলীগের এক কর্মী রাজারহাট এম,আই ডিগ্রী কলেজে এইচ,এস,সি পরীক্ষা কেন্দ্রে এলে ছাত্রদলের কর্মীরা তাকে মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে দিনোবাজার নামক স্থানে রাজারহাট-কুড়িগ্রাম সড়কে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অবস্থান নেয়। এ সময় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও উপজেলা যুবদলের সাঃ সম্পাদক আব্দুল কুদ্দুস ডিসকভার মোটর সাইকেল নিয়ে কুড়িগ্রাম যাওয়ার পথে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের গতিরোধ করে মারপিট করে এবং মোটর সাইকেলটিতে অগ্নিযোগ করে। পরে আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেলা দেড়টার দিকে উপজেলা সদরে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল করে রেলষ্টেশনস্থ এলাকায় পৌঁছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিলটি ধাওয়া করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে বিএনপি নেতা-কর্মীদের তাড়িয়ে দেয়। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এম ময়নুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা সদরসহ আশ-পাশের এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। আওয়ামীলীগ ও বিএনপি’র নেতা-কর্মীদের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে দু’টি দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। উলেখ্য, গত শুক্রবার দিনব্যাপী দিনোবাজার শেখ ইয়াং স্টার ক্লাব আয়োজিত স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এবং অনুষ্ঠান চলাকালে মহিলা দর্শকদের ইভটিজিং করার অভিযোগ এনে যুবদল ও ছাত্রদলের ৫ কর্মীকে মারপিট করার জের ধরে এ ঘটনা ঘটে বলে সূত্রে জানা গেছে। #




