রানা আব্দুল্লাহ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের প্রত্যন্ত এক সীমান্তপল্লীর গল্প নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘দাহ’। শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী একটি এলাকার নাম ভায়াডাঙ্গা। আর ভায়াডাঙ্গা এলাকার একটি সুন্দর গল্প নিয়েই নির্মিত হচ্ছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘দাহ’। শ্রীবরদীর কৃতি সন্তান, বিশাল বাংলার কৃতিমান নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা ও চিত্র পরিচালক প্রয়াত আব্দুলাহ আল মামুনের দীর্ঘদিনের পরীক্ষিত প্রধান সহকারী পরিচালক ও বিশিষ্ট নাট্যকার মমিনুর রশীদ মিলাতের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটকটি নির্মিত হচ্ছে ‘অমি প্রোডাকশন’ হাউজের ব্যানারে। নাটকটি প্রযোজনা করেছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক জামাল আহম্মেদ। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নবাগত নায়ক সাব্বির আহম্মেদ, বর্তমান সময়ের আলোচিত মডেল অভিনেত্রী বাঁধন, রোকেয়া প্রাচী, শহিদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, আবুল হায়াত, ডলি জহুর, শহিদুল আলম সাচ্চু, আব্দুর রাজ্জাক, তনয়সহ এক ঝাঁক তারকা।

নাট্য পরিচালক মমিনুর রশীদ মিলাত বলেন, আমরা শেরপুরবাসী বড়ই হতভাগা। শেরপুরকে আজও দেশের বেশির ভাগ মানুষ চেনেনা। আমাদের পরিচয় দিতে হয় বগুড়ার শেরপুর নয়, আমরা ময়মনসিংহের শেরপুরের বাসিন্দা। দাহ নাটকটি ৫২ পর্বের জন্য চিত্রায়িত হচ্ছে। এ নাটকের গল্প ও কাহিনী শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকাকে ঘিরে। শেরপুরের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত আব্দুলাহ আল মামুনের লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তার নিজ জন্মভূমি শ্রীবরদী’র ভায়াডাঙ্গাকে ঘিরে আমরা নাটক তৈরী করছি। আগামী দিনে শেরপুরের বিভিন্ন এলাকার গল্প নিয়ে একাধিক নাটক নির্মান করা হবে। অমি প্রোডাকশন হাউজের হেড অব দ্যা সুটিং জাকারিয়া জাবেদ অঙ্কুর বলেন, আগামী মে মাসে দাহ নাটকের চিত্রায়নের কাজ শেষ হবে। এর পর বাকি কাজ সম্পূর্ণ করে টিভিতে প্রচার করা হবে। ২৫ মার্চ থেকে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শুরু হয়েছে। নাটকটি প্রচার হবে চ্যানেল আইয়ে।




