খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : ২৩ মার্চ রবিবার কক্সবাজারের রামু উপজেলা নির্বাচন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীদের ভরাডুরি হয়েছে। বিজয়ী হয়েছে বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যানসহ ২ ভাইস চেয়ারম্যান। ভোট গণনা শেষে রাতে উপজেলা পরিষদ কন্ট্রোলরুম থেকে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাসুদ হোসেন। উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া বৌদ্ধ, রাখাইন ও হিন্দু স¤প্রদায়ের লোকজনকেও নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।
৫০টি কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে শান্তি শৃংখলা রক্ষার্থে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ ভ্রাম্যমান আদালত, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে স্থায়ী ভাবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, দক্ষতার সঙ্গে কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেন।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপি সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী আনারস (৩৩৩০৪) ভোটে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থীরা পেয়েছেন উপজেলা জামায়াতের আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান ঘোড়া (২১২১৩ ), ক্ষমতাশীন দলের কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলের সমর্থিত সাংবাদিক আবদুল মাবুদ কাপ পিরিচ ( ১৯২৪১) ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল দোয়াত কলম (৮৩৭৪ ) ।
এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি সমর্থিত আলী হোসেন টিউবওয়েল (২৬৪১২ ), উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম চশমা (২০৮৪৯) , দিদারুল আলম প্রকাশ দিদার বলী তালা ( ১৮৩৪৬) , এস মোহাম্মদ হোসেন টিয়াপাখি (৩৬৭২ ), আবুল কালাম সিকদার উড়োজাহাজ (৬৭২ ) ও আলহাজ্ব মৌলানা হাফেজ আবদুল হাই মাইক ( ১১৬১৩)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি সমর্থিত ফরিদা ইয়াছমিন কলসি (৬৪৬৭৯) ও আওয়ামীলীগ সমর্থিত মুসরাত জাহান মুন্নী প্রজাপতি (১৩৫৯৬) ।
সরেজমিন নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় নারী-পুরুষ, বৃদ্ধ সকল বয়সের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করেছেন। একা চলতে পারেন না- এমন বৃদ্ধরা অন্যের সহযোগিতা নিয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতিও বাড়তে থাকে। বেলা ১১টার পর থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দুপুর ২টার পর থেকে পুরুষ ভোটারদের চাপ পড়ে। বিশেষ করে শ্রমজীবি মানুষ যাঁরা ক্ষেত-খামারে কাজ করেন বা দিনমজুর এই শ্রেণীর ভোটারদের বেশিরভাগই দুপুরের খাবার খেয়ে ভোটকেন্দ্রে আসেন ভোট দিতে। প্রতিটি ভোটকেন্দ্রের নির্দিষ্ট সীমানার বাইরে ভোটার ও বিভিন্ন প্রার্থীর কর্মী-সমর্থকদের পদচারণায় মুখর হয়ে উঠে।
আওয়ামীলীগের কয়েকজন ত্যাগী নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন- আওয়ামীলীগ নেতাদের উদাসীনতা ও দুই ভাইয়ের পারিবারিক দ্বন্দে আওয়ামীলীগের প্রার্থীদের চরম ভরাডুবি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাসুদ হোসেন ভোটের ফলাফলের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদেরকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করেন।




