শ্যামলবাংলা ডেস্ক : প্রথম পর্যায়ের ৯৭টি উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। ১৯ ফেব্রুয়ারী বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, আওয়ামী লীগের লক্ষ্যই হচ্ছে সুন্দর, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান। আওয়ামী লীগ যে তা পারে- সেটি প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনেই প্রমাণ হয়েছে।

দেশের ৪০টি জেলার ৯৭টি উপজেলার ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার বিকেলে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, নির্বাচন সন্তোষজনকভাবে শেষ হয়েছে। দেশের প্রতিটি অঞ্চল থেকে আমরা যে তথ্য পেয়েছি, তাতে আমরা দাবি করতেই পারি- সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। সবচেয়ে লক্ষ্যণীয় হচ্ছে উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দিয়েছে। এটিই আমাদের কাঙ্খিত ছিল।




