রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : স্থানীয় জনতা মো. সাইফুল (২৮) নামের এক দুস্কৃতিকারীকে অস্ত্রসহ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের সাইফুল খলিলাবাদ এলাকার মৃত আনোয়ার মিয়ার পুত্র।

থানার এসআই হোছাইন জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারী শনিবার রাত ৯টার দিকে খলিলাবাদের কিছু লোক সাইফুলকে একটি অস্ত্র ও কার্তুজসহ আটক করে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। অস্ত্রটি কি ধরণের সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। স্থানীয়রা বলেন রাত সাড়ে ৮টার দিকে নাতোয়ান বাগিছা সাইফুলসহ ৫-৬জন দুস্কৃতিকারীকে গরু ও মহিশ বাজারে ঘোরাঘুরি করছিল। এসময় জনতা তাদের ধাওয়া করলে তারা খলিলাবাদের দিকে পালাতে চেষ্ঠা করে। পরে সাইফুলকে জনতা ধরতে সক্ষম হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশও অস্ত্রসহ যুবককে আটক করার কথা স্বীকার করেন। জানা যায়, গত কয়েকমাস আগে রাউজান ইউনিয়ন যুবলীগ নেতা জামাল উদ্দিনকে মারধর ও মোটর সাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনার সাথে জড়িত ছিল ধৃত সাইফুল।




