শ্যামলবাংলা স্পোর্টস : মমিনুলের অপরাজিত শতকে চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলংকার মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র হয়েছে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ৪৬৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৪ ওভার ৪ বলে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ২৭১ রান তোলার পর দুই দলই ড্র মেনে নেয়।

ঢাকার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্ট জয়ের সুবাদে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল সফরকারী শ্রীলংকা।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বাহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় শতক। ১১টি চারের সহায়তায় ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে অলরাউন্ডার সাকিব আল হাসান অপরাজিত থাকেন ৪৩ রানে।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারার অনবদ্য ৩১৯ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৫৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে অলরাউন্ডার সাকিব আল হাসান ৫টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইমরুল কায়েস ও শামসুর রহমানের জোড়া শতকে ভর করে সবক’টি উইকেট হারিয়ে ৪২৬ রান করে বাংলাদেশ। শ্রীলংকার পক্ষে অজন্তা মেন্ডিস ৬টি ও দিলরুয়ান পেরেরা ৩টি উইকেট নেন।
প্রথম ইনিংসে ১৬১ রানের লিড নিয়ে ম্যাচের চতুর্থ দিনে সকালের সেশনে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে সফরকারীরা। এই ইনিংসেও শতক তুলে নেন কুমার সাঙ্গাকারা (১০৫)। এছাড়া শতক তুলে নেন দিনেশ চান্দিমালও (১০০*)। ৪ উইকেটে ৩০৫ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। এতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪৬৭ রান।
জবাবে চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৮ ওভারে কোন উইকেট না হারিয়ে ১২ রান তুলে দিনের খেলা শেষ করে টাইগাররা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ৭ ও শামসুর রহমান ৪ রানে অপরাজিত থাকেন।
শেষ দিনে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দলীয় সংগ্রহে ৭১ রান যোগ করার পর জুটি ভাঙেন লংকান স্পিনার ভিতানাগে। তামিমকে সাজঘরে ফেরত পাঠিয়ে শ্রীলংকাকে দিনের প্রথম সাফল্য এনে দেন তিনি। এরপর বেশি ক্ষণ টেকেননি আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান। তাকে ফেরান আরেক লংকান স্পিনার দিলরুয়ান পেরেরা। আগের ইনিংসে শতক হাঁকানো শামসুর দ্বিতীয় ইনিংসে করেন ৪৫ রান। দলীয় ১৫১ রানে আবারও বাংলাদেশের ইনিংসে আঘাত হানেন পেরেরা। এবার তার শিকার প্রথম ইনিংসে শতক তুলে নেওয়া বাংলাদেশি ব্যাটসম্যান ইমরুল কায়েস। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে ইমরুল করেন ২৫ রান।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ১৫৬.৪ ওভারে ৫৮৭/১০ (কুমার সাঙ্গাকারা ৩১৯, জয়বর্ধনে ৭২, মেন্ডিস ৪৭, ভিথানাগে ৩৫, করুনারতেœ ৩১ চান্দিমাল ২৭, সিলভা ১১,ম্যাথুজ ৫। সাকিব ৫/১৪৮, নাসির হোসেন ২/১৬, আল আমিন ১/৮১,সোহাগ গাজী ১/১৮১ ও মাহমুদউলাহ রিয়াদ ১/১১০) ও
দ্বিতীয় ইনিংস : ৩০৫/৪ (ডিক্লেয়ার্ড) (সাঙ্গাকারা ১০৫, চান্দিমাল অপরাজিত ১০০, ম্যাথুজ অপরাজিত ৪৩, সিলভা ২৯, করুনারত্মে ১৫, জয়বর্ধনে ১১, মাহমুদুল্লাহ ২/৪৬, সাকিব ১/৮০, সোহাগ ১/৮৭)
বাংলাদেশ প্রথম ইনিংস ৪২৬ : (ইমরুল ১১৫, শামসুর ১০৬, সাকিব ৫০, নাসির ৪২, মাহমুদুল্লাহ ৩০, মুশফিক ২০, মুমিনুল ১৩, রাজ্জাক* ১১, মেন্ডিস ৬/৯৯, পেরেরা ৩/১১৯, লাকমাল ১/৭০) ও
দ্বিতীয় ইনিংস : (তামিম ৩১, শামসুর ৪৫, ইমরুল ২৫, মমিনুল ১০০*, সাকিব ৪৩*, পেরেরা ২/৫৫, ভিথানাগে ১/৭৩)

ম্যান অব দি ম্যাচ : কুমার সাঙ্গাকারা।




