এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : দশম নির্বাচনী তফসিল ঘোষনার প্রতিবাদে বিএনপিসহ ১৮দলের ডাকা সপ্তাহ অবরোধে তৃতীয় দিন সোমবার টাঙ্গাইলের গোপালপুরে রেল সংযোগ বিচ্ছিন্ন, দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে।
জানা যায়, অবরোধকারীরা বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি রেললাইনের উপজেলার ঝাওয়াইল এলাকার ডাকুরী নামক এলাকায় রেললাইনের ১০টি পাত তুলে ফেলে । ঘটনার পর থেকে ওই রেল লাইনে চলাচল করা দুটি ট্রেন ধলেশ্বরী ও চট্টগ্রাম এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগীতায় সোমবার দুপুরের দিকে রেল কর্তৃপক্ষ ওই রেল লাইন সংস্কার কাজ শেষ করলেও কোন রেল চলাচলের খবর পাওয়া যায়নি।
সোমবার ভোর হতে শহরের সূতী কালিবাড়ি এলাকায় সূতী এলাকার সাবেক ছাত্রদল নেতা বিপ্লব, মাসুদ, বুলবুল, জিয়া, বাবুল, লিটন, হানিফের নেতৃত্বে অবরোধের সমর্থনে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও রাস্তার দু’পাশের ২টি আম গাছ ও একটি কাঠাল গাছ কেটে ফেলে উপজেলা পরিষদ এলাকায় শহরের প্রধান সড়কটি অবরোধ করে দেয়। পরে গোপালপুর থানা পুলিশের সহযোগিতায় রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়।
সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা গোপালপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামন হতে সূতী কালিবাড়ি বাজার এলাকা পর্যন্ত হামলা চালিয়ে ১৫/২০টি দোকানপাট ভাংচুর করে। পরে আওয়ামী লীগের নেতা কর্র্মীরা সকাল সাড়ে ৮টার দিকে পাল্টা হামলা চালিয়ে বেশ ক’টি দোকান ক্ষতিগ্রস্থ করে।
ঘটনার সত্যতা স্বীকার করে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন সরকার ও হেমনগর রেলস্টেশনের স্টেশন মাষ্টার আসাদুজ্জামান বলেন, ডাকুরী নামকস্থানে সোমবার ভোরে ১০টি স্লিপার উপড়ে ফেলে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। ফলে এ লাইনে রেল চলাচল আপতত বন্ধ ছিল। দুপুরের দিকে লাইনটির মেরামত কাজ শেষ হয়েছে।




