সরদার ওয়াহিদা পারভীন রিভা, ডিমলা(নীলফামারী)প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় বিজিবির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী আলিফ নুর রহমান (১২)। সে আকাশকুড়ি মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে। শুক্রবার ডিমলার শুটীবাড়ি-ডালিয়া সড়কের গাছবাড়িতে মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যদর্শীরা জানান, ডিমলা আকাশকুড়ি দ্বি-মূখি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সমাপনী পরীক্ষা দিয়ে বাইসাইকেলে বাড়ি ফিরছিলো আলিফ নুর। এমন সময় শুটীবাড়ী থেকে আসা একটি বিজিবির একটি পিকআপ ভ্যান (রংপুর-ড-৩৫) আলিফ নূরের বাইসাইকেলেসহ পৃথক আরো ২টি বাইসাইকেলকে ধাক্কা দিলে আলিফ নুরসহ ৩জন পরীক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত আলিফ নূরকে স্থানীয় লোকজন প্রথমে ডিমলা এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দূর্ঘটনার পর গাড়ীটি পালিয়ে গেলেও সাথে থাকা বিজিবির অন্য গাড়িটিকে ডিমলা শুটীবাড়ী মোড়ে স্থানীয় লোকজন আটক করে। পরে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত স্কুল ছাত্রের চিকিৎসার খরচ দেয়ার আশ্বাস দিলে গাড়িটিকে ছেড়ে দেয় স্থানীয়রা। ডিমলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন দূর্ঘটনার কথা স্বীকার করলেও বিজিবির গাড়ির সাথে দূর্ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত নয় বলে জানান।
তবে নীলফামারীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিমলা থানার ওসি গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে বিজিরি গাড়িটিকে ছেড়ে দেয়ার ব্যাবস্থা করেন। এ বিষয়ে কথা বলার জন্য বিজিবির কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।




