সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাতীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সাথে অবরোধকারী ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে জামায়াত ও ছাত্রদলের ২ কর্মী নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত: ২০ জন। ২৭ নভেম্বর বুধবার দুপুরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহকে ছাত্রদল ও আব্দুল জলিলকে জামায়াত তাদের নিজেদের কর্মী বলে দাবি করেছে। এদিকে ওই ঘটনার প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি ঘোষনা করেছে জেলা ১৮ দল সমন্বয় কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার বিকেলে জেলা ব্যাপি বিক্ষোভ, বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ও শুক্রবার দোয়া দিবস।
পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে জামায়াতÑবিএনপি নেতা কর্মীরা মুকুন্দগাতী বাজারে গিয়ে সড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে। এ সময় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাঁধা দিলে তাদের সাথে অবরোধকারীদের সংঘর্ষ বেঁধে যায়। পরে আওয়ামীলীগের সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘন্টাব্যাপী সংষর্ঘ চলাকালে বেলকুচি উপজেলার চার মেটুয়ানি গ্রামের বিল্লাহ ও ধুকুরিয়া গ্রামের আব্দুল জলিল নামে ২ জন নিহত হয়। নিহত মাসুম বিল্লাহকে ছাত্রদল ও আব্দুল জলিলকে জামায়াত তাদের নিজেদের কর্মী বলে দাবি করেছে। এছাড়াও সংঘর্ষে অন্তত: ২০ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে কে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আবারও সংঘর্ষের আশংকায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।




