শ্যামলবাংলা ডেস্ক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন। ২৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ওই তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারী /২০১৪ রবিবার। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।
ভাষণে তিনি সাংবিধানিক বাধ্যবাধকতার উলেখ করে বলেন আর অপেক্ষা করা যাচ্ছে না।সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়ে তিনি দেশবাসীকে আশ্বস্থ করেন, ঘর থেকে বেরিয়ে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে ঘরে ফিরে আসার জন্য প্রয়োজনীয় যা দরকার তাই করা হবে।
তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন, নির্বাচনী আচরণবিধি প্রয়োগে কোনো ছাড় দেয়া হবে না।
নির্বাচনী আচরণ বিধি সংশোধন করার কথা উলেখ করে তিনি বলেন, তফসিল ঘোষণার পর প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা মন্ত্রী, সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারি সুযোগ-সুবিধা নিয়ে প্রচারে অংশ নিতে পারবেন না।
তিনি বলেন, নির্বাচনে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারের সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা হবে।




