কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, ১৮দলের শীর্ষনেতাদের মুক্তি ও অবৈধ মন্ত্রিসভা বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কলারোয়ায় বিএনপি ও জামায়াত পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২৪ নভেম্বর রবিবার বিকেলে দল দুটির পৃথক বিশাল মিছিল কলারোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপির উদ্যোগে মিছিল শেষে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহ.সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা ভারপ্রাপ্ত সা. সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, পৌর সা. সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর যুবদলের সভাপতি জাবিদ রায়হান লাকী ও উপজেলা ছাত্রদলের সা. সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন ও দপ্তর সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল। এদিকে, জামায়াতের উদ্যোগে মিছিল শেষে দলীয় অফিসের সামনে আয়োজিত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাও. ওসমান গণির সভাপতিত্বে বক্তব্য রাখেন সেক্রেটারী অধ্যাপক একেএম ফজলুল হক ও রাজনৈতিক সেক্রেটারী অধ্যাপক হাফিজুর রহমান।




