শ্যামলবাংলা ডেস্ক : দশম জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় চূড়ান্ত প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে দু’দিনে ১০-১১ নভেম্বর (রবি-সোম) মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১ হাজার ১শ ৫৪ টি।
এর মধ্যে সোমবার বিকেল পর্যন্ত বিক্রি হয়েছে ৪শ ৭৬ টি মনোনয়ন ফরম। আর রবিবার বিক্রি হয়েছে ৬শ ৭৮ টি। সোমবার সবচেয়ে বেশি মনোনয়ন কিনেছেন ঢাকা বিভাগের আওয়ামী লীগের নেতারা। এর মধ্যে ১শ ২৬ টি মনোনয়নপত্র কিনেছেন কেবল ঢাকার মনোনয়ন প্রত্যাশীরাই। চট্টগ্রামের নেতারা কিনেছেন ১শ ৪টি, খুলনা বিভাগের আওয়ামী লীগ নেতারা কিনেছেন ৫৬ টি, রংপরের নেতারা কিনেছেন ৪৬টি, রাজশাহী নেতারা কিনেছেন ৫৭ টি, সিলেটের নেতারা কিনেছেন ৩৪টি ও বরিশালের নেতারা কিনেছেন ৫৩টি মনোনয়নপত্র। দ্বিতীয় দিনেও মনোনয়ন ফরম কিনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালনগঞ্জ-৬ আসনের মনোনয়ন কিনেন তিনি। এছাড়াও আবুল মাল আব্দুল মুহিত, শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, কামরুল ইসলাম মনোয়নয়ন পত্র কিনেছেন এদিন। অন্যদিকে ক্রয়কৃত ওইসব মনোনয়ন ফরমের মধ্যে সোমবার পর্যন্ত ৩শ ১২ জন মনোনয়ন প্রত্যাশী তাদের ফরম পূরণ করে জমা দিয়েছেন।
১১ নভেম্বর সোমবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস এক সংবাদ সম্মেলনে জানান, প্রতিটি মনোনয়ন ফরম ২৫ হাজার টাকা করে বিক্রি হচ্ছে। এতে দ্বিতীয় দিনে ১ কোটি ১৯ লাখ টাকার ফরম বিক্রি করা হয়েছে। এর আগে রবিবার আওয়ামী লীগ ৬৭৮ টি মনোনয়ন ফরম বিক্রি করে। প্রথম দিন এক কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকার ফরম বিক্রি করা হয়।




