চুয়াডাঙ্গা সংবাদদাতা : জীবননগর উপজেলার মনোহরপুর আমতলা নামক স্থানে নসিমন ও পাওয়ারট্রলির মুখোমুখি সংঘর্ষে আরজু বানু (৫৮) নামে এক চাতাল শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।নিহত চাতাল শ্রমিক আরজু জীবননগর উপজেলার বাঁকা পূর্বপাড়ার মৃত রায়হান চৌকিদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আরজু বানু জীবননগরে খাজা রাইসমিলে কাজ শেষে নসিমনযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির সঙ্গে ওই নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব খান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত আরজু বানুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।




