ইয়ানুর রহমান, যশোর : যশোরের অভয়নগরে হরতাল সমর্থক ও হরতালবিরোধীদের সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত আলমগীর হোসেন শিমুল নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক। ওই সময় বিক্ষুব্ধ হরতাল সমর্থকরা হরতাল বিরোধীদের ব্যবহৃত একটি মাইক্রোবাসেও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নওয়াপাড়া বাজারে পর্যাপ্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে যুবলীগের একটি গ্র“প শিমুলের নেতৃত্বে একটি মাইক্রোবাসে করে নওয়াপাড়া বাজারে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে হরতাল সমর্থকরা মাইক্রোবাসটিকে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে যুবলীগ নেতা শিমুল মাইক্রোবাস থেকে নেমে পাশের একটি গুদাম ঘরে আশ্রয় নেন। ওই সময় হরতাল সমর্থকরা ওই মাইক্রোবাসে অগ্নিসংযোগ করে এবং মাইক্রোবাসের যাত্রীদের বেধড়ক মারপিট করে। হরতাল সমর্থকদের পিটুনিতে ঘটনাস্থলেই মারা যান শিমুল। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নওয়াপাড়া বাজারে বিজিবি, র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





