শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সংলাপের ব্যাপারে আমরা আশা ছাড়ছি না, আমরা দাওয়াত তুলেও নেইনি। ইতিবাচক রাজনীতির ক্ষেত্রে আমরা অধৈর্য হতে চাই না। তবে বিরোধী দলের সঙ্গে সংলাপের ভিত্তি হচ্ছে সংবিধান। তিনি ২৭ অক্টোবর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন। এসময় তিনি ২৮ অক্টোবর বিরোধীদলীয় নেত্রীকে দেওয়া প্রধানমন্ত্রীর দাওয়াতের বিষয়ে বলেন, আমাদের নেত্রী তো আন্তরিকতা দেখিয়েছেন। ২৯ অক্টোবর আসতে দিন।
নির্বাচনকালীন সরকারকে নিরপেক্ষ হতে হবে, বিরোধীদলীয় নেত্রীর এমন অবস্থানের বিষয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, আমরা ওটাতেই আছি। সর্বদলীয় অন্তর্বতীকালীন সরকারেই আছি। এর ওপর ভিত্তি করে আমরা এগিয়ে যেতে চাই।
তিনি হরতাল প্রসঙ্গে বলেন, তাঁদের আলটিমেটামের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন। তার পরও হরতাল কর্মসূচি বহাল রাখা অযৌক্তিক। তিনি সারা দেশে জ্বালাও-পোড়াও ও নাশকতার কঠোর সমালোচনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।




