শ্যামলবাংলা ডেস্ক : এবার জাতিসংঘের শুভেচ্ছা দূত মনোনীত হয়েছেন ৩ জগতের ৩ খ্যাতিমান তারকা। তারা হচ্ছেন জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী আরিফা জামান মৌসুমী ও বিশ্বখ্যাত ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। এ উপলক্ষ্যে ইউনিসেফের বাংলাদেশ শাখা ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ইউনিসেফের আবাসিক প্রতিনিধি প্যাস্কেল ভিলেন্যুভ আনুষ্ঠানিকভাবে নতুন শুভেচ্ছা দূতদের পরিচয় করিয়ে দেন।
শিশু, নারী, মানবতা ও সর্বোপরি বিশ্ববাসীর কল্যাণে জাতিসংঘের কাজে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে ইচ্ছুক খ্যাতিমান তারকাদের শুভেচ্ছা দূত মনোনীত করে থাকে ইউনিসেফ। এরই অংশ হিসেবে সোমবার ইউনিসেফের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত করার কথা জানানো হয়। এব্যাপারে ইউনিসেফের কর্মকর্তা ফয়জুল্লাহ বলেন, কেউ শুভেচ্ছা দূত হিসেবে মনোনয়ন পাওয়ার আগে তাকে এক বা দুই বছর শিশু অধিকার নিয়ে আমাদের সঙ্গে কাজ করতে হয়। তিনি জানান, সাকিব আল হাসান ২০১০ সালের ডিসেম্বর থেকে এবং জুয়েল আইচ ও মৌসুমী পরের বছর আগস্ট থেকে শিশু অধিকার প্রতিষ্ঠায় তাদের মুখপাত্র হিসেবে কাজ করছেন। জুয়েল আইচ কিশোর বয়স থেকে জাদু দেখিয়ে মানুষকে আনন্দ দিয়ে আসছেন। এই মুক্তিযোদ্ধা তারকা একাত্তরে যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পর শরণার্থী শিবিরে জাদু দেখিয়ে শিশুদের মনোবল চাঙা রাখতেন। মৌসুমী ১৯৯৩ সাল থেকে অভিনয় করে চলচ্চিত্র জগতকে মাতিয়ে আসছেন। আর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দেশের গন্ডি পেরিয়ে আর্ন্তজাতিক বিশ্বে সেরা অলরাউন্ডার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।




