শ্যামলবাংলা ডেস্ক : ভোলার তজুমদ্দিনে স্বামীর বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রীকে অগ্নিদগ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভুলাইকান্দি গ্রামে এ ঘটনায় আহত শিমুকে (১৮) ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ২ বছর আগে তজুমদ্দিনের ভুলাইকান্দি গ্রামের ৩ সন্তানের জনক সামছুদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় ঘটে শিমুর। সে খুলনার রুপসার আবদুছ ছালামের মেয়ে। ফোনালাপের এক পর্যায়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সম্প্রতি শিমু তজুমদ্দিনে স্বামীর বাড়িতে গেলে জানতে পারে তার স্বামী পূর্ব বিবাহিত ও ৩ সন্তানের জনক।
আরও জানা যায়, মঙ্গলবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে সামছুদ্দিন আগুন লাগিয়ে দেয় শিমুর গায়ে। তার চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ভোলা সদর হাসপাতালের চিকিৎসক সামি আহমেদ জানান, শিমুর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। রোগীকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা হয় নি।




